কর্নওয়ালের স্পিনে প্রথম দিনে অসহায় আফগানিস্তান

ক্যারিয়ারে নিজের দ্বিতীয় টেস্টেই বল হাতে আলোড়ন ফেললেন রাহকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিশালদেহী এই অফ স্পিনার বুধবার আফগানিস্তানের বিপক্ষে একাই নিলেন ৭ উইকেট। তাতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের লক্ষ্ণৌতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ২ উইকেটে ৬৮ রান নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ৮ উইকেট হাতে রেখে ১১৯ রানে পিছিয়ে আছে দলটি।

ডানহাতি অফ স্পিনার কর্নওয়াল ৭৫ রান খরচায় নেন ৭ উইকেট। তার স্পিন ঘূর্ণিতে ২ উইকেটে ৯০ রান থেকে ১৮৭ রানে গুটিয়ে যায় আফগানরা।

আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জাভেদ আহমাদি। উইকেটরক্ষক আফসার জাজাইয়ের ব্যাট থেকে আসে ৩২ রান। নয় নম্বরে নেমে আমির হামজা করেন ৩৪ রান।

এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ৩৪ রানেই জোড়া উইকেট হারিয়ে ফেলে। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ব্যক্তিগত ১১ রানে বিদায় নেন আমির হামজার শিকার হয়ে। এরপর রশিদ খান ফিরিয়ে দেন ৭ রান করা শেই হোপকে।

দিনের বাকি সময়টা জোহন ক্যাম্পবেল ও ব্রুকস নিরাপদে পার করেন। ক্যাম্পবেল অপরাজিত ৩০ ও ব্রুকস অপরাজিত ১৯ রানে দিন শেষ করেছেন।