কর্ণফুলী ইপিজেডে ত্রিপল কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে কর্ণফুলী ইপিজেডের এক নম্বর সেক্টরের এক নম্বর সড়কের এইচকেডি ইনোভেনশনস লিমিটেডের ত্রিপল তৈরির একটি কারখানায় এ আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলী আকবর দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড দুটি ফায়ার স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।’ তিনি আরও বলেন, ‘কারখানাটি তালাবদ্ধ ছিল তবে যখন আগুন লাগে তখন কোনো শ্রমিক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। ত্রিপল তৈরির এ কারখানার নিচতলার অফিসকক্ষ ও কাঁচামাল রাখার স্টোররুম আগুনে পুড়ে গেছে।’