এক ঝলকে

সাগরের গল্পে ‘মিষ্টিপান’

শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর অনেক দিন পর টিভি সিরিজের জন্য গল্প লিখেছেন। ‘মিষ্টিপান’ নামের দশ পর্বের এ সিরিজে দেখা যাবে ঢাকা শহরের ইতিহাস-ঐতিহ্য। একটি খুনের ঘটনা উদঘাটনের চেষ্টার মধ্য দিয়ে এ সিরিজের গল্প এগিয়ে চলে। ঘটনা উদঘাটনের দায়িত্বে থাকেন সিআইডি কর্মকর্তা তারিক আনাম খান। সাদিয়া ইসলাম মৌকে দেখা যাবে একজন নৃত্যশিল্পী হিসেবে। টিভি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। আরও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন, এস এম মহসীন, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে সিরিজটি।

বাংলা গানে রাহাত ফতেহ আলী

প্রকাশিত হলো ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের গাওয়া প্রথম বাংলা গান। শিরোনাম ‘তোমারই নাম লেখা’। গত সোমবার এসএমএসবি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এর কথা লিখেছেন এ দেশের গীতিকবি রবিউল আওয়াল। সুর ও সংগীতায়োজন করেছেন পাকিস্তানের আলোচিত সুরকার সালমান আশরাফ। সম্পªতি পাকিস্তানের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গীতিকবি রবিউল আওয়াল জানান, সালমান আশরাফ যখন এই গানের সুর করেন তখনই তা রাহাত ফতেহ আলী খানের ভালো লেগে গিয়েছিল। যেজন্য অতীতে বাংলা গান না গাইলেও এই প্রথম গাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং গান রেকর্ডও করে ফেলেন। গানটি অনেকের ভালো লাগবে বলেও শিল্পী রাহাত ফতেহ আলী খান ও সুরকার সালমান আশরাফ আশা প্রকাশ করেছেন।

রানু মণ্ডলের সঙ্গে মালাইকার তুলনা

ফ্যাশন এবং ফিগার সচেতন বলিউড তারকা মালাইকা আরোরা। ৪০ বছর বয়সেও তার লুক মুগ্ধ করে দর্শকদের। কিন্তু মালাইকার সাম্পªতিক একটি পোস্ট ভক্তদের অবাক করেছে। ইন্সটাগ্রামের সেই ছবিটি মুহূর্তেই ভাইরাল। মালাইকাকে তুলনা করা হচ্ছে রানু মণ্ডলের সঙ্গে। কিছুদিন আগেই অতিরিক্ত মেকআপ করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন রানু মণ্ডল। এবার একই কাজ করে মালাইকা আরোরাও হাসির পাত্র হলেন। ভক্তদের মনে হয়েছে প্রয়োজনের চাইতে বেশি মেকআপ করেছেন মালাইকা। কমেন্ট বক্স ভরে গেছে সমালোচনায়। একজন লিখেছেন, ‘আপনি মেকআপ ব্যবহার করেছেন নাকি মেকআপই আপনাকে ব্যবহার করেছে?’