দুই গুণী পেলেন

মুনীর চৌধুরী ও জাকারিয়া পদক

নাটকের দল থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেলেন যথাক্রমে শফি আহমেদ ও শিশির রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদকপ্রাপ্তদের হাতে অর্থমূল্য ও শুভেচ্ছা স্মারক তুলে দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মুনীর চৌধুরী পদকপ্রাপ্ত শফি আহমেদকে প্রদান করা হয় পঞ্চাশ হাজার টাকার অর্থমূল্য ও জাকারিয়া পদকের জন্য শিশির রহমানকে প্রদান করা হয় পঁচিশ হাজার টাকার অর্থমূল্য।

গতকাল বুধবার ছিল শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী। ১৯২৫ সালের ২৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। মুনীর চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল পদক প্রদানের অনুষ্ঠান আয়োজন করে থিয়েটার নাট্যদল। দলটির সভাপতি ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন সাংগঠনিক পরিচালক রামেন্দু মজুমদার। এরপর পদকপ্রাপ্তদের নিয়ে সম্মাননাপত্র পাঠ করেন সামিয়া মহসিন ও তামান্না ইসলাম। পদক প্রদানের পর থিয়েটার নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হয় মুনীর চৌধুরীর দুটি একাঙ্কিকা নাটক ‘স্বামী সাহেবের অনশনব্রত’ এবং ‘গতকাল ঈদ ছিল’। এতে অভিনয় করেন দলের নিয়মিত সদস্যরা। থিয়েটার নাট্যদলের সাংগঠনিক পরিচালক রামেন্দু মজুমদার বলেন, ‘শহীদ মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে। এর মধ্য দিয়ে একজন প্রবীণ এবং একজন তরুণ গুণী ব্যক্তিত্বকে আমরা সম্মান জানাই।’