গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার রায় হয়েছে গতকাল বুধবার । ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ওই মামলার রায়ে সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলা থেকে একজনকে খালাসও দেওয়া হয়েছে। আলোচিত এ মামলার রায়ের খবর বিশ্বের প্রথমসারির গণমাধ্যমে এর সংবাদ বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন তাদের দীর্ঘ সময় ধরে এ রায়ের সংবাদটি প্রধান সংবাদ হিসেবে রাখে। বিবিসির শিরোনামে লেখা হয়েছে– ‘হলি আর্টিজান ক্যাফে : বাংলাদেশে ২০১৬ সালের হামলায় ইসলামপন্থিদের মৃত্যুদণ্ড।’ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে– ‘বাংলাদেশে ২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনের মৃত্যুদণ্ড ঘোষণা।’ আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানও ‘২০১৬ সালের ক্যাফে হামলায় বাংলাদেশে সাতজনের মৃত্যুদণ্ড’ শিরোনামে রায়ের খবর প্রকাশ করেছে। ইন্ডিপেন্ডেন্ট শিরোনাম করেছে– ‘২০১৬ সালে ঢাকায় বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা মামলার রায়ে সাতজন ইসলামি চরমপন্থির মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ।’
ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘বাংলাদেশে ২০১৬ সালে ক্যাফেতে হামলার দায়ে ইসলামি উগ্রপন্থিদের মৃত্যুদণ্ড দিল আদালত।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি ‘ক্যাফে হামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে হলি আর্টিজান মামলার রায়ের খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ‘বাংলাদেশের মারাত্মক সন্ত্রাসী হামলার অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে– ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা, সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আদালত।’ জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলেও, ‘বাংলাদেশ : ক্যাফেতে হামলার ঘটনায় সাত ইসলামি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
চীনের সিনহুয়া শিরোনাম করেছে, ‘বাংলাদেশে ক্যাফে সন্ত্রাসী হামলার ঘটনায় সাত জঙ্গির মৃত্যুদণ্ড, একজন খালাস।’ ভারতের টাইমস অব ইন্ডিয়া ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে রায়ের খবর জানিয়েছে। আনন্দবাজারে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটির শিরোনাম ছিল– ‘খাগড়াগড় চক্রী হাতকাটা নাসিরুল্লার মৃত্যুদণ্ড, হোলি আর্টিজানে জঙ্গি হানায় সাজা বাংলাদেশে।’ পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ন্যাশনের খবরে বলা হয়েছে– ‘ঢাকা ক্যাফেতে হামলায় সাত আইএস জঙ্গির ফাঁসি।’ ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের শিরোনাম ছিল– ‘ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলায় সাতজনের মৃত্যুদণ্ড, একজন খালাস।’
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে পুলিশের দুই সদস্য নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে পুলিশ। হামলার তিন বছর পর সাতজনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করল আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন, আবদুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। এ মামলা থেকে খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।