সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২০ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলার ঝাঐল টেকআপ পয়েন্টের ১০০ গজ দূরে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কামারখন্দর জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, এ দিন সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় টেকআপ পয়েন্টের প্রায় এক‘শ গজ পার হলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়।
এ ঘটনার পর এ রুটের সবগুলো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে এসে পৌঁছালে এর ইঞ্জিন খুলে বিকল রাজশাহী এক্সপ্রেস ট্রেনটিকে ঠেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের ৩নং লাইনে নিয়ে রাখা হয়।
এরপর বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন জামতৈল স্টেশনে ফিরে এসে নিজ ট্রেনের বগির সঙ্গে যুক্ত হয়ে সকাল ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটি উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ইঞ্জিন দিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ঠেলে নিয়ে সেখানে রেখে আবারও জামতৈল স্টেশনে ফিরে আসে। এরপর তার সবগুলো বগি নিয়ে সকাল ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর এর মধ্য দিয়ে এ রুটের সবগুলো ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়ে গেছে।
অপরদিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে দুপুর নাগাদ বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করা হবে।