২৯ নভেম্বর, শুক্রবার মুক্তি পাচ্ছে সার্ফিং নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। এটি চলতি সপ্তাহে প্রদর্শিত হবে দেশের মাত্র ৮টি প্রেক্ষাগৃহে! তানিম রহমান অংশু পরিচালিত ছবিটির প্রচারণায় নতুনত্ব এনেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। চলচ্চিত্রটির গল্পের ধারণা থেকে তারা নিয়ে এসেছে কমিক্স বই—‘অ্যাডভেঞ্চার অব আয়েশা’। ২৬ নভেম্বর রাতে ঢাকার একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, নির্মাতা তানিম রহমান অংশু, অভিনেতা শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল, সংগীতশিল্পী জেফার রহমান। বইটি স্টার সিনেপ্লেক্সের সব শাখা থেকে কেনা যাবে। এ ছাড়া কিছু জায়গায় গ্রামের মেয়েদের বিনা মূল্যে দেওয়া হবে।
মাহবুব রহমান রুহেল বলেন, ‘ছোটবেলা থেকেই আমি কমিকস পছন্দ করি। তাই চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবে নারীদের এগিয়ে যাওয়ার বিষয়টিতে তুলে ধরে বইটি করেছি।’
তানিম রহমান অংশু বলেন, “মুক্তি পাওয়ার দিক থেকে ‘ন ডরাই’ আমার প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে। এটি চট্টগ্রামের আঞ্চলিক শব্দ। যার অর্থ ভয় না পাওয়া। এর প্রধান চরিত্র আয়েশা। তাকে নিয়ে করা কমিকস বইটির মাধ্যমে চলচ্চিত্রটি সম্পর্কে মানুষ আরও জানতে পারবে বলে আমার বিশ্বাস।’
ছবিটি চলতি সপ্তাহে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, ধানমন্ডি ও মহাখালী শাখায়। আরও দেখা যাবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার’, শ্যামলী সিনেমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ‘ছায়াবাণী’ ও বগুড়ার ‘মম ইন’-এ।