ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া এক মাসের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বরাতে এএফপি বলছে, গতকাল যুক্তরাষ্ট্রের থ্যাংকস গিভিং ডে’তে পিয়ংইয়ং অজ্ঞাত প্রজেক্টাইল ছুড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যে আলোচনার সম্ভাবনাটুকু ছিল তার কফিনে শেষ পেরেক পড়ল।

জাপানের কোস্টগার্ডের ভাষ্য, পিয়ংইয়ংয়ের ছোড়া অজ্ঞাত প্রজেক্টাইলের মধ্যে উচ্চতা ও গতি দেখে সেগুলোকে ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রজেক্টাইল তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েনি।

দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এক মাসের মধ্যে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত ভঙ্গ করেছে।  

তবে দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মর্তার বরাতে খবরে বলা, প্রজেক্টাইল দুটো জাপান সাগরে গিয়ে পড়েছে। ওই কর্মকর্তা জানান, গতকাল স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রজেক্টাইল দুটি ছোড়া হয়। ওই সময়টাতেই যুক্তরাষ্ট্রের থ্যাংকস গিভিং ডের আনুষ্ঠানিকতা শুরু হয়।    

গত ৩১ অক্টোবর জাপান সাগরে সর্বশেষ দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং।