সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়া মেজর আটক

সরকারি চাকরি দেওয়ার নামে মোট অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া মেজর পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে ৯ লাখ ৩০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। শাহ জামাল মিন্টু (৩৫) নামে ওই যুবক পঞ্চগড়ের আটুয়ারী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

দামুড়হুদার চণ্ডিপুর গ্রামের ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলেকে মৎস্য অধিদপ্তরে এমএলএসএস এবং মা ও শিশু স্বাস্থ্য বিভাগে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে মিন্টু প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা নেয়। সর্বশেষ ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়ে ঢাকায় যাওয়ার সময় বৃহস্পতিবার পুলিশ তাকে আটক করে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে প্রতারক মিন্টুকে ওই টাকাসহ আটক করা হয়। চাকরি দেওয়ার নামে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ভুয়া মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিলেন তিনি। মিন্টু সেনাবাহিনীর একজন চাকুরিচ্যুত সৈনিক। তার মানিব্যাগে দুটি দৈনিক পত্রিকার আইডিকার্ড পাওয়া গেছে। মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।