ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে অ্যান্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা বাসস্ট্যান্ডে অবস্থিত একেএইচ ইসিও নামক তৈরী পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে ইদুল মিয়া (২৪) ও একই এলাকার আজিম (২৩)।

মুসলিম নামে এক সহকর্মী জানান, সকালে ধামরাইয়ের বালিথায় একেএইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনে তারা বিশ শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের তৃতীয় তলায় বাইরের অংশের একটি দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন ইদুল, আনোয়ারুল ও আজিম। হঠাৎ দুর্ঘটনাবশত তারা যে রশিতে বসে কাজ করছিলেন তা ছিঁড়ে গেলে তিন শ্রমিক নিচে পড়ে যান। এ সময় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইদুলকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে এক শ্রমিক মারা গেলে তার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।