লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আক্তার হোসেনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুল্লাহ কুতুবী এ রায় দেন। আসামি আক্তার হোসেন কমলনগরের চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর ছেলে। এ সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সঙ্গে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার হোসেন যৌতুকের দাবিতে স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছিলেন। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে স্ত্রী সাজুকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আক্তার হোসেন। পরে ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।