বিএনপি-জামায়াতের একমাত্র অস্ত্র সহিংসতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী সম্মেলনের সূচনা করেন। এ উপলক্ষে দুপুরে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়।
দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী ও আবু তোয়াবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা পারভীন, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জসহ জেলা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।