জয়পুরহাটে ইটভাটার মাটির চাপা পড়ে মো. শফি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর পশ্চিম বাজার সংলগ্ন ডারারকুল এলাকায় আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেনের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নওগাঁর ধুপাইকুড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফি ইটভাটার মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ মাটির স্তূপ ধসে পড়লে তিনি নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে ইটভাটার মালিক ও জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন বলেন, ভাটায় মাটি সরবরাহ করতে গিয়ে মাথায় মাটির স্তূপ পড়ে শফি নিহত হয়েছেন।
আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।