বই লিখবেন কৃতি শ্যানন

বলিউড তারকারা এখন শুধু অভিনয়শিল্পী তকমার মধ্যে সীমাবদ্ধ নন। অভিনয়ের পাশাপাশি কেউ ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছেন তো আবার কেউ ইউটিউবার বনে যাচ্ছেন। তবে অভিনেত্রী কৃতি শ্যানন চেনা পথে হাঁটতে চান না। তার ইচ্ছা নিয়মিত কবিতার বই লেখা। সে জন্য কবিতা লেখাও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন কৃতি। সম্প্রতি একটি ভারতীয় ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমি প্রায়ই প্রেমের কবিতা লিখে থাকি। যখন অবসর পাই, তখনই কবিতা লেখার চেষ্টা করি। এ অভ্যাস আমার কলেজজীবন থেকেই শুরু হয়েছে। পরিচিত একজন আমাকে পরামর্শ দিয়েছেন নিয়মিত বই প্রকাশের। আমিও ভাবছি এবার বই প্রকাশ করার কথা। সব ঠিক থাকলে আগামী বছরই প্রকাশ পাবে।’ তিনি আরও বলেন, ‘আমার বেশিরভাগ কবিতা ইংরেজিতে লেখা। তবে ভক্তদের কথা মাথায় রেখে এটি হিন্দি ভাষায়ও প্রকাশ করব।’

এদিকে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এ অভিনেত্রীর বিগ বাজেটের সিনেমা ‘পানিপথ’। বিখ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকর ‘যোধা আকবর’ ছবিতে প্রমাণ করেছেন ইতিহাসনির্ভর সিনেমা বানাতে তিনি রীতিমতো সিদ্ধহস্ত।  এবার তিনি ইতিহাসের পাতা থেকে বড় পর্দায় জীবন্ত করতে চলেছেন পানিপথের যুদ্ধকে। এই ছবিটি বানানোর জন্য দীর্ঘ গবেষণা করেছেন আশুতোষ। কাস্টিংয়ে তিনি রেখেছেন ভরপুর চমক। প্রথমবারের মতো কৃতির বিপরীতে দেখা যাবে অর্জুনকে। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, মনীষা কৈরালা, জিনাত আমান, পদ্মিনী কোলাপুরিসহ বিখ্যাত তারকারা। ছবিতে ‘সদাশিব রাও ভাউ’ হয়ে ওঠার জন্য অর্জুন শ্যুটিং চলাকালীন ন্যাড়া হয়ে গিয়েছিলেন। এমনকি চরিত্রের প্রয়োজনে এই বলিউড নায়ক ঘোড় সওয়ারি, তলোয়ারবাজি সব কিছুর প্রশিক্ষণ নিয়েছেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে

কৃতি অভিনীত ‘হাউজফুল ফোর’। এটি ব্যবসাসফল হওয়ায় আবারও ‘বচ্চন পাণ্ডে’ ছবির মাধ্যমে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ছবির দৃশ্যধারণ আগামী বছর শুরু হবে।