রাজধানীতে পৃথক অভিযানে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের হোতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে মোতালেব প্লাজা, গুলিস্তান পাতাল মার্কেট ও ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো আবদুর সাত্তার, শফিকুল, লিটন, রানা, মুন্না, রাব্বি, সজীব, রিয়াজ, সোহাগ, রাসেল, বাপ্পি, নাজমুল, আবীর খান, দেলোয়ার, সুমন ও আকিবুল।
উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১৩টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, আইএমইআই নম্বর পরিবর্তনে ব্যবহৃত ডিভাইস, ল্যাপটপ ও ডেস্কটপ। ধৃতদের মধ্যে কয়েকজন আইটি বিশেষজ্ঞ। মোবাইল চুরির পর তারা বিশেষ ডিভাইসের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন ও বিক্রি করেন। বিক্রি করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিত তারা। এদের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের ধরতে অভিযান চলছে।