ডিবি পুলিশের হেফাজতে আসামির মৃত্যু

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ইউসুফ মিয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার জালকুড়ি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

এর আগে একটি ডাকাতির মামলায় নিহত ইউসুফসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ জানায়, চলতি মাসের ৪ নভেম্বর নরসিংদীর ঘোড়াশালে পাঁচটি স্বর্ণের দোকানসহ ছয় দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাত দল ১০৯ ভরি স্বর্ণালংকার, পাঁচ শ ভরি রৌপ্য ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পলাশ থানায় মামলা দায়ের হয়। এরপর ডাকাতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

অভিযানে মাধবদীর বিরামপুর এলাকা থেকে ইউসুফ মিয়া ও রোকসানা বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে কবে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।

পুলিশ আরো জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও কাইয়ুম নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ইউসুফ ডাকাতির কথা স্বীকার করেন। ডাকাতির মালামাল মাটির নিচে লুকানো আছে বলে জানান তিনি।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের সময় ইউসুফ অসুস্থ বোধ করে। পরে তাকে ১ শ শয্যার জেলা হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পরে রোকসানা ও ফয়সালকে নিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার জালকুড়ি এলাকায় অভিযান চালান হয়। এ সময় ফয়সালের বাড়ি থেকে লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকার, ৪০ ভরি রুপা ও নগদ ৭০ হাজার পাঁচ শ টাকা উদ্ধার হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমএন মিজানুর রহমান শুক্রবার বলেন, ইউসুফ নামের যে রোগীকে হাসপাতালে আনা হয়েছিল তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠাতে বলি। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত ইউসুফ ডাকাতির ঘটনায় সম্পৃক্ত ছিলেন। বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।