টি-টোয়েন্টিতে ‘অভিষেকের’ অপেক্ষায় ‘প্রেসিডেন্ট’ আজহারউদ্দিন

শৈল্পিক একটা কবজির মোচড়, স্লিপে চোখ ধাঁধানো একটা ক্যাচ; মোহাম্মদ আজহারউদ্দিন নামটার সঙ্গে এসব আর কেউ বলেন না। যেটা বলা হয় তার সবটা জুড়ে একটা ‘ভুলে’ ভরা অধ্যায়। ভারতীয় ক্রিকেট থেকে নির্বাসিত হওয়া সেই আজহারউদ্দিন গত সেপ্টেম্বরে ক্রিকেটে ফিরছেন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়ে। প্রশাসক আজহার এখন টি-টোয়েন্টির প্রহর গুনছেন।

৬ ডিসেম্বর হায়দরাবাদে ভারত-উইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান আজহার বলেন, ‘আমি যখন ক্রিকেট খেলতাম, তখনও টি-টোয়েন্টি আসেনি। তাই এই ধরনের ক্রিকেটে খেলাও হয়নি। যে জন্য আমি ধরে নিচ্ছি, এই ম্যাচ দিয়েই আমার টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে। সত্যি বলতে, আমার কিন্তু একটু টেনশনও হচ্ছে।’

ক্রিকেট খেলা আর ক্রিকেট প্রশাসনের কাজ যে সম্পূর্ণ ভিন্ন তা ভালো করেই জানেন আজহার। তাই তো বললেন, ‘ক্রিকেট খেলা আর ক্রিকেট প্রশাসন সামলানো দুটো সম্পূর্ণ আলাদা দিক। তবু ক্রিকেট খেলে যেটুকু অভিজ্ঞতা হয়েছে, তা প্রশাসনিক জীবনে কাজে লাগাতে চাই।’

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০০০ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড তখনকার অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে আজীবন নির্বাসিত করে। নিষেধাজ্ঞার কবলে পড়েন টিমের আরও বেশ কয়েকজন ক্রিকেটার।