এক ঝলকে

চার দশক পর ইটি

স্টিফেন স্পিলবার্গের সাড়া জাগানো কল্প-বিজ্ঞান চলচ্চিত্র ‘ই. টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’ মুক্তি পায় ১৯৮২ সালে। এরপর প্রায় চার দশক কেটে গেছে। কিন্তু আজকালকার শিশু-কিশোররাও সিনেমাটি দেখে আনন্দ পায়। খুশির খবর হলো, থ্যাংকসগিভিং ডে উপলক্ষে মুক্তি পেয়েছে সিক্যুয়েল। তবে চার মিনিটের স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি শুধু ইউটিউবেই দেখা যাচ্ছে। এখানে অভিনয় করেছেন মূল সিনেমার এলিয়ট চরিত্রের তারকা হেনরি থমাস।

 ‘আ হলিডে রিইউনিয়ন’ নামের সিনেমাটি মূলত একটি টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠানের কমার্শিয়াল হিসেবে নির্মাণ করা হয়েছে। দেখা যায়, ছোট্ট এলিয়ট স্ত্রী-সন্তান নিয়ে বেশ ভালোই আছে। ২০১৯ সালের এক ছুটিতে তার সঙ্গে দেখা করতে আসে ইটি। এই ভিন গ্রহের বাসিন্দা দেখতে পায় চার দশকে মধ্যে প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। এতে মূল সিনেমার আবহসংগীতও ব্যবহার করা হয়েছে। অভিনেতা হেনরি থমাস জানান, দর্শকরা সিক্যুয়েলে সাধারণত যা চেয়ে থাকেন, তার অনেক কিছু আছে চার মিনিটের এই সিনেমায়। তবে কোনোভাবে মূল ‘ই. টি. ’ আমেজ ক্ষুণ্ন হয় এমন কিছু করা হয়নি।

দেশে ফিরলেন শাবনূর

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর কখন দেশে থাকেন আর কখন বিদেশে থাকেন তা বলা মুশকিল। অভিনয়ে অনিয়মিত হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া-বাংলাদেশ যাতায়াতের মধ্যেই থাকেন এই নায়িকা। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় কাটিয়ে গত মঙ্গলবার রাতের ফ্লাইটে বাংলাদেশে এসেছেন তিনি। চলতি বছরের শুরুতে একবার ঢাকায় এসেছিলেন শাবনূর। ফেব্রম্নয়ারি মাসের শেষ দিকে আবারও অস্ট্রেলিয়া ফিরে যান।

প্রায় ৯ মাস পর আবারও এলেন দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করেন শাবনূর। তার ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যরাও থাকেন ওখানে। সেখানে স্কুলে ছেলেকে ভর্তিও করিয়েছেন।

নব্বই দশকের শুরুতে পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে শাবনূরের। এরপর সালমান শাহর সঙ্গে জুটি গড়ে তুমুল আলোচনার জন্ম দেন। গত ২৬ বছর ধরেই আলোচনায় শাবনূর।

প্রদর্শিত হচ্ছে অ্যানিমেশন ফিল্ম ‘টুমরো’

টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জন্য দেশে প্রথমবারের মতো নির্মিত হলো অ্যানিমেটেড চলচ্চিত্র ‘টুমরো’। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এটির বিশ্ব প্রিমিয়ার হয় চ্যানেলটির পর্দায়। আজ দুপুর সাড়ে ১২টায় এটি পুনঃপ্রচার করবে তারা। এছাড়া পরবর্তী আরও তিন সপ্তাহ শুক্রবার সন্ধ্যা ও শনিবার দুপুরে এটি দেখানো হবে। ২৫ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যে তুলে ধরা হবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন। নির্মাতার ভাষ্যমতে, এ ধরনের বিষয় নিয়ে বাংলাদেশে নির্মিত এটাই প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র। ২০১৭ সালের জুলাইয়ে শুরু হয়েছে ‘টুমরো’র নির্মাণযজ্ঞ। চলতি বছরের জুলাই মাসে এটির কাজ শেষ হয়। এ চরচ্চিত্রটি প্রযোজনা করছে দীপ্ত টিভি। তৈরি হয়েছে সাইকোর স্টুডিওতে। কাজী জাহিন হাসান এবং কাজী জিসান হাসানের প্রযোজনায় এর চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক। দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষের অভিমত, ‘টুমরো’র মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের সংকটকে তুলে ধরা।

পশ্চিমবঙ্গের ১৭ হলে ‘একটি সিনেমার গল্প’

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘একটি সিনেমার গল্প’। গতকাল শুক্রবার সেখানকার ১৭টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।

সিনেমার সঙ্গে জড়িত মানুষের জীবনের আলোকে ‘একটি সিনেমার গল্প’ নির্মাণ করেছেন আলমগীর। ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ ও চম্পা। পশ্চিমবঙ্গে সিনেমাটি আমদানি করেছেন বাজরাঙ লাল আগারওয়াল।

হাজির হচ্ছেন সাংবাদিক মেহজাবিন

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। ভিন্নধর্মী টেলিফিল্ম ‘গেম ওভার’-এর ট্রেইলার মুক্তি পেয়েছে ২৮ নভেম্বর। বহুল প্রতীক্ষিত এই টেলিফিল্মে আবারও জুটি হয়েছেন দর্শকপ্রিয় অপূর্ব-মেহজাবিন। জনপ্রিয় এই জুটিকে এবার দেখা যাচ্ছে শ্বাসরুদ্ধকর টেলিফিল্মে ভিন্নভাবে। টেলিফিল্মটির পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। কাহিনী লিখেছেন স্বরূপ চন্দ্র দে। শহরের মধ্যবিত্ত এক পরিবারে বাবার জুয়ার চক্রে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে গেম ওভারের মূল কাহিনী। টেলিছবিতে সাংবাদিক লুবনা চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে। অন্যদিকে আবিদ চরিত্রে রয়েছেন অপূর্ব।

নাটকে দেখা যাবে এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন দুজন জুয়াড়ি। তাদের এই ভয়ংকর খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ ও অন্যেরা। লাইভ টেকনোলজির ব্যানারে টেলিফিল্মটিতে অপূর্ব ও মেহজাবিনের পাশাপাশি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিস প্রমুখ। সব মিলিয়ে টেলিফিল্মটিতে রয়েছে ভিন্নতার স্বাদ। ভিন্নধর্মী এই টেলিফিল্মটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। লাইভ টেক ইউটিউব লিঙ্কে দেখা যাবে টেলিফিল্মটি।

বিয়ের সাজে ভাইরাল শাওন

বিয়ের সাজে হাজির হয়ে আলোচনায় হyমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি বিয়ের সাজের একটি ছবি ফেইসবুকে পোস্ট করেন শাওন। ছবিটির ক্যাপশনে তিনি জুড়ে দিয়েছিলেন রবীন্দ্রসংগীতের কয়েকটি লাইন–‘ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি/চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী/কেহ জানিবে না মোর গভীর প্রণয়/কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।/আপনি আজিকে যবে শুধাইছ আসি/কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।’

শাওনের ছবিটি খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে। বউয়ের সাজে শাওনকে পেয়ে প্রশংসা করেছেন তার ভক্তরা। অনেকেই শেয়ার করেছেন সেই ছবি। ভাইরাল হয়ে যায় শাওনের নববধূর সাজে ছবি। শুধু শাওনের পেজে নয়, এই ছবি শেয়ার হয়েছে জাহিদ খান মেকওভারের ফেইসবুক পেজেও। জানা যায়, একটি ব্রাইডাল ফটোশু¨টে অংশ নিয়েছিলেন শাওন। মেকওভার জাহিদ খান ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আবারও নববধূ রূপে মেহের আফরোজ শাওন।’ তার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করায় শাওনের প্রতি কৃতজ্ঞতাও জানান জাহিদ। ছবিগুলো তুলেছেন এম এইচ বিপু।