ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের উভয় দিক বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রিজের ধারে এক ব্যক্তি ছুরি দিয়ে পথচারীদের হামলা করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ২টার দিকে ব্রিজের দক্ষিণ দিক থেকে এক ব্যক্তিকে ছুরি হাতে পথচারীদের হামলা করতে দেখা যায়। হামলার কিছু সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলি করে।
ডেইলি মেইলের রিপোর্ট অনুসারে, লন্ডন ব্রিজ এলাকায় হামলায় কয়েকজন জড়িত। এদের মধ্যে এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। তবে ছুরিকাঘাতে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানায়নি। তবে মাই লন্ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিজ এলাকায় বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায় এবং পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ব্লুমবার্গকে জানায়, ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। হামলার ঘটনায় কতজন হতাহত হয়েছে তা জানাতে পারেনি অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।
অপর এক প্রত্যক্ষদর্শীর মতে, কয়েকজন এক ব্যক্তিকে আক্রমণ করেছিল। এর মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে এবং হামলাকারী একজনকে গুলি করে। গুলিতে নিহত হামলাকারীর পরনে ছিল সুইসাইড ভেস্ট।