নারায়ণগঞ্জ বিএনপিতে কোন্দল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিতে জেলা নেতাদের পদ দেওয়ায় আদালতে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুসারীরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহানগর বিএনপি একাংশ সাখাওয়াতকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে তার বহিষ্কার চেয়ে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আবেদন করেছেন।

গতকাল শুক্রবার দলের সাধারণ সম্পাদক এটিএম কামাল ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও মহাসচিবকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চিঠিটি সকাল ৯টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দুপুর ১২টায় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে পৌঁছে দিয়েছেন তারা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আবুল  কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহসভাপতি অ্যাডভোকেট রফিক, প্রথম যুগ্ম সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, কোষাধ্যক্ষ সোলায়মান সরকার ও দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল দেশ রূপান্তরকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য সেই সঙ্গে মূল দলসহ অঙ্গ সংগঠনের গ্রুপিং এবং দলের মহাসচিবের বিরুদ্ধে মামলা করে দলকে আইনগতভাবে বেকায়দায় ফেলানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

আবেদনে উল্লেখ করা হয়, সরকারি দলের সঙ্গে অঁাতাত করে আদালতের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড ও কর্মসূচি বন্ধ করার চক্রান্তে মেতেছেন সাখাওয়াত হোসেন খান। এটা সরকারবিরোধী আন্দোলন করতে বাধাগ্রস্ত ও মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার হীনপ্রয়াস। তাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার স্বার্থে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যকরী কমিটির সভায় অনাস্থা প্রস্তাব গ্রহণ বাস্তবায়ন করে সাখাওয়াত হোসেন খানকে বহিষ্কারের জোর অনুরোধ করছি।

এদিকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি ও কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে আদালত। গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালতে মহানগরের ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার খান ও একই ওয়ার্ডে সাবেক যুগ্ম সম্পাদক (পৌরসভাকালীন) বিএনপি নেতা নূর আলম শিকদার বাদী হয়ে মামলাটি করেন। গোলজার হোসেন খান সাখাওয়াত হোসেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মামলায় বিবাদী করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালকে।