হাতি দেখতে গিয়ে তাড়া খেয়ে যুবকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ভারত সীমান্ত এলাকায় বন্য হাতি দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী (২২) একই উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী জানান, শুক্রবার সন্ধ্যার পর বন্য হাতির দল ভারত সীমান্ত অতিক্রম করে খাবারের সন্ধানে যদুর চর এলাকায় নেমে আসে। খবর পেয়ে হাতি দেখার জন্য বাট্টাজোড় এলাকার ইদ্রিস ও তার বন্ধুরাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ যদুর চরে ভিড় করে। রাত সাড়ে ৮টার দিকে বন্য হাতির দল উৎসুক জনতার দিকে তেড়ে আসলে লোকজন দিকবিদ্বিক ছুটাছুটি শুরু করে।

এ সময় হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসীর পাতা বৈদুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইদ্রিস আলীর মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।