মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। কমপক্ষে ৯ জন যাত্রী আহত হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রউফ মাদবর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দৌলতপুর নামক স্থানে একটি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। সার্বিক পরিবহনের একটি বাস কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে বাসের পেছনে থাকা একটি মোটরসাইকেলের সাথেও সংঘর্ষ ঘটে।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসের ৯ যাত্রীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, মোটরসাইকেলের দুই যাত্রীকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের যাত্রীদের উদ্ধার করি। মোটরসাইকেলটির যাত্রীদের কাউকে পাইনি। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রউফ মাদবর মারা গেছেন।