পাবনায় কিশোরীকে অ্যাসিড নিক্ষেপ, আটক ২

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাবনার চাটমোহরে এক কিশোরীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। 

আটক দুই কিশোর হলো- উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) মনসুর আলী ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।

শুক্রবার রাতে উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের নিজ বাড়িতে দশম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কিশোরীর বাবা অভিযোগ করেন, মাদ্রাসায় যাতায়াতের পথে বেশ কিছুদিন ধরে রতন আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি, বিয়ের প্রস্তাব দিলে তাকে ফিরিয়ে দেয় আমার মেয়ে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে রতন ও রিপন অতর্কিতে এসে ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। আমার মেয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রতন ও রিপনকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়। শুক্রবার রাতেই আমার মেয়েকে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে আনা হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট গৌতম কুমার ঘোষ জানান, অ্যাসিডে মেয়েটির শরীরের দশ শতাংশ পুড়ে গেছে। ডান হাত ও কোমর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে আশঙ্কামুক্ত। তবে, তার শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব থাকতে পারে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।