ইতিহাসে স্মিথ, ভাঙলেন ৭৩ বছরের পুরোনো রেকর্ড

ট্রিপল সেঞ্চুরিতে অ্যাডিলেড টেস্টটা এখন পর্যন্ত নিজের করে রেখেছেন ডেভিড ওয়ার্নার। গড়েছেন একাধিক রেকর্ড। তবে ওয়ার্নারের দ্যুতি ছড়ানো ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন স্টিভেন স্মিথও। এই ডানহাতির ব্যাটে ভেঙেছে ৭৩ বছরের পুরোনো রেকর্ড। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন টেস্টে ৭ হাজার রানের মাইলফলক।

শনিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন স্মিথ। ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডকে। শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরার আগে স্মিথ এদিন খেলেছেন ৩৬ রানের ইনিংস। ২৩তম রানটি নিতেই ৭ হাজার রানের মাইলফলক গড়া হয় তার।

ইংলিশ গ্রেট হ্যামন্ড ১৯৪৬ সালে ভারতের বিপক্ষে লন্ডনের ওভালে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান পূরণ করেছিলেন। সেটি ছিল তার ১৩১তম ইনিংস। স্মিথের এই মাইলফলক পূরণ করতে লাগল ১২৬ ইনিংস।

৭ হাজার রান পূরণ করতে বিরেন্দ্রর শেওয়াগের ১৩৪, শচীন টেন্ডুলকারের ১৩৬ ও স্যার গ্যারি সোবার্সের লেগেছিল ১৩৮ ইনিংস। দ্রুততম ৭ হাজার রান পূরণে তালিকায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তারা।

স্মিথ এদিন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন ব্র্যাডম্যানের ওপরে স্মিথের নাম। ব্র্যাডম্যান ৫২টি টেস্ট খেলে করেছিলেন ৬৯৯৬ রান। অস্ট্রেলিয়ার একাদশতম ক্রিকেটার হিসাবে স্মিথ ৭০০০ টেস্ট রান পূর্ণ করলেন এদিন। ১৩৩৭৮ রান নিয়ে তালিকার সবার ওপরে দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং।