সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামে রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শনিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
নিহত স্কুলছাত্রী মীম খাতুন (১২) উপজেলার আব্দুল মান্নানের মেয়ে। সে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ছাড়া, বিষক্রিয়ায় আক্রান্ত মীমের মা রাবেয়া খাতুন (৪৫) ও বড় বোন রোজিনা খাতুন (২০) এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মীম, তার মা ও বড় বোন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ রাতেই তাদের হাসপাতালে নেয়ার পথে মীম খাতুনের মৃত্যু হয়। অসুস্থ বড় বোন রোজিনা ও মা রাবেয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় মীম খাতুনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।