মহেশপুর উপজেলা আ. লীগ: সভাপতি সাজ্জাদ সম্পাদক লিটন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সভাপতি ও মীর সুলতানুজ্জামান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মুক্তিযোদ্ধা আবদুল হাই।

প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি সাজ্জাতুয জুম্মা চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের নেতা সাইদুল করিম মিন্টু, শফিকুল ইসলাম অপু, আজিজুর রহমান, সাংসদ শফিকুল আজম খান চঞ্চল, সাংসদ আনোয়ারুল আজিম আনার, নারী আসনের সাংসদ খালেদা খানম, সাবেক সাংসদ মইন উদ্দিন মিয়াজী, আবদুল মান্নান, নবী নেওয়াজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। তিনি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।