এসএ গেমসে ছেলেদের ভলিবলে রবিবার ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচে জয় পাওয়া মানেই স্বর্ণ বা রুপার পদক পাওয়া নিশ্চিত। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না হরসিত বিশ্বাসরা।
গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপ থেকে একটি করে জয় ও হারে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকিট কেটেছে পাকিস্তান। শনিবার তারা শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। প্রথম ম্যাচে তারা মালদ্বীপকে হারিয়েছিল ৩-০ সেটে।
অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-২ সেটে হারালেও ভারতের কাছে দ্বিতীয় ম্যাচে হেরেছিল ৩-০ সেটে। এদিকে যে পাকিস্তানের বিপক্ষে কাল ফাইনালের ওঠার লড়াই বাংলাদেশের, সেই দলটার বিপক্ষে ২০১৬ সালে শিলং-গৌহাটি এসএ গেমসে ৩-১ সেটে হেরেছিল বাংলাদেশ।
তবে বাংলাদেশ অধিনায়ক হরসিত বিশ্বাস সংবাদমাধ্যমকে সেমিফাইনাল ম্যাচ নিয়ে বলেছেন, ‘পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস আছে আমাদের। ওদের কাছে গত এসএ গেমসে হেরেছিলাম। এবার ওদের হারাতে চাই। আর তা করতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’
আনুষ্ঠানিকভাবে এসএ গেমসের ১৩তম আসরের পর্দা উঠবে রবিবারই। তবে ভলিবল ডিসিপ্লিন শুরু হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ছেলেরা টিকে আছে পদকের লড়াইয়ে।
ছেলেদের ও মেয়েদের দুই বিভাগেই ফাইনাল ৩ ডিসেম্বর।