সিটির হোঁচটের দিনে অপ্রতিরোধ্যই থাকল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিন আলাদা ম্যাচে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে এদিন পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার সিটি। তবে নিজেদের মাঠে ঠিকই জয়ের ধারা ধরে রেখেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। তাতে পয়েন্ট টেবিলে লিভারপুলের চেয়ে আরো পিছিয়ে পড়ল সিটি।

শনিবার অ্যানফিল্ডে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-২ গোলে ড্র করে সিটি।

এতে করে লিভারপুল এখন সিটির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। ১৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৪০, সিটির ২৯। সবার ধরা-ছোঁয়ার বাইরে চলে গেল কি লিভারপুল?

দুইবার এগিয়ে গিয়েও এদিন জয় পায়নি সিটি। ম্যাচের ২২ মিনিট রহিম স্টার্লিং এগিয়ে দেন সিটিকে। তবে তিন মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় নিউক্যাসল। গোল করেন উইলেমস।

১-১ এ প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য সংগ্রাম করে দুই দল। ৮২ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করলে জয়ের স্বপ্ন দেখতে থাকে সিটি। কিন্তু ৮৮ মিনিটে নিউক্যাসলের পক্ষে জনজো শেলভি গোল করে সিটির জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন। ড্র হয় ম্যাচ।

অন্যদিকে লিভারপুলের জয়ের নায়ক ভার্জিল ফন ডিইক। প্রথমার্ধের ১৮ ও ২৪ মিনিটে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে গোলরক্ষক অ্যালিসনকে হারায় লিভারপুল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ফ্রি কিক থেকে ব্রাইটনের পক্ষে ব্যবধান কমান ডাঙ্ক। তবে ১০ দলের লিভারপুল বাকি সময়টা সামলেছে ভালোভাবেই। মাঠ ছেড়েছে জয় নিয়ে। এ নিয়ে লিগে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকল দলটি।

১৪ ম্যাচে ১৩ জয়, ১ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে ৯ জয়, ২ ড্র ও ৩ হারে ২৯ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা সিটির।