টানা এক দশক ধরে যে মানসিক শক্তি ও তীব্র তাড়না তাঁকে সাফল্যের শিখরে রেখেছিল, সেটিই এখন ধীরে ধীরে ফুরিয়ে আসছে—ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পেছনে এমন এক আবেগঘন ও অকপট ব্যাখ্যা দিলেন পেপ গার্দিওলা। আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ দিয়েই অবসান ঘটছে ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক অধ্যায়ের।
গত শুক্রবার (২২ মে) ম্যানচেস্টার সিটি নিশ্চিত করে যে, চলতি মৌসুম শেষেই ডাগআউট ছাড়ছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। রোববার ইতিহাদ স্টেডিয়ামে বিদায়ী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে গার্দিওলা স্বীকার করেন, ক্লাবের চাওয়া ও প্রত্যাশার চাপ সামলানোর মতো পর্যাপ্ত শক্তি আর তাঁর অবশিষ্ট নেই।
শুক্রবার সকালে খেলোয়াড়দের নিজের বিদায়ের সিদ্ধান্ত জানানোর মুহূর্তটি কতটা কঠিন ছিল, তা উল্লেখ করে গার্দিওলা বলেন:
"খেলোয়াড়দের সামনে দেওয়া আমার বিদায়ী বক্তব্যটা ছিল একদম বিপর্যয়কর। আমি এর আগে কখনো এত নার্ভাস হইনি। আমি তাদের বলেছি, এই কাজের জন্য যে আবেগ ও শক্তির প্রয়োজন, তা আমার ভেতর ছোটবেলা থেকেই ছিল। কিন্তু এখন আমি অনুভব করছি, ভবিষ্যতে আমি আর সেই শক্তি ধরে রাখতে পারব না। নিজের ও যে ক্লাব আমাকে সবকিছু দিয়েছে, তাদের প্রতি আমার সৎ থাকা উচিত।"
রবিবারের ম্যাচটি ম্যানচেস্টার সিটি বা চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলা—কারো জন্যই টেবিলের সমীকরণে কোনো প্রভাব ফেলবে না। আর্সেনালের কাছে লিগ শিরোপা হারালেও দুই দলই আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। তাই ম্যাচটি রূপ নিচ্ছে শুধুই গার্দিওলাকে বিদায় জানানোর এক আবেগঘন মঞ্চে। এক দশকে সিটিকে ৪টি টানা লিগ শিরোপাসহ মোট ২০টি ট্রফি এনে দেওয়া এই কোচ মনে করেন, ক্লাবের স্বার্থেই এখন পরিবর্তন প্রয়োজন।
গার্দিওলা বলেন, "১০ বছর অনেক দীর্ঘ সময়। এবার থামার সঠিক সময় এসেছে। এটা এমন নয় যে আমার তাড়না বা উচ্চাকাঙ্ক্ষা কমে গেছে। তবে কোনো সংস্থায় একই মানুষ বছরের পর বছর থাকা ভালো নয়। নতুন মুখ আসা সবার জন্যই ইতিবাচক।" বিদায়লগ্নে এই মৌসুমটিকে অন্যতম তৃপ্তিদায়ক উল্লেখ করে তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত আর্সেনালের সাথে লড়াই করা এবং এফএ কাপ ও লিগ কাপের ডাবল জেতার পর বিদায় নেওয়ার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হতে পারে না।
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত ডাগআউটে ফেরার কোনো তাড়া নেই তাঁর।
তিনি বলেন, "এখন আমি শুধুই বিশ্রাম নেব। আপাতত কোনো দলকে কোচিং করানোর পরিকল্পনা নেই। প্রতি তিন দিন পর পর ম্যাচ, অ্যানফিল্ড, মাদ্রিদ কিংবা এফএ কাপের সেই চিরচেনা ব্যস্ততা থেকে এবার একটু দূরে সরে যাব। এবার নিজের জীবনটা একটু উপভোগ করতে চাই, দেখা যাক সামনে কী হয়।"
ম্যানচেস্টার সিটির দীর্ঘ সফরে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গার্দিওলা। সিটির সাথে তাঁর আত্মিক টান ফুটবল ছাপিয়ে ম্যানচেস্টারের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের সাথে মিশে গেছে। বিদায়বেলায় উপস্থিত সাংবাদিকদের করতালির জবাবে আবেগাপ্লুত গার্দিওলা বলেন, ইতিহাদ স্টেডিয়ামের উত্তর গ্যালারি তাঁর নামে নামকরণ করার সিদ্ধান্তে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। মাঠ ছাড়লেও তাঁর কাজের প্রেরণা ও শক্তি এই ক্লাবে চিরকাল থেকে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
