মৃত্যুকূপে পড়েও লোর মুখে ‘পুষ্পের হাসি’

একেই বুঝি বলে ‘জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি’। ইউরোর পরবর্তী আসরে পর্তুগাল-ফ্রান্সের গ্রুপে পড়েও জার্মান কোচ জোয়াকিম লো মুখ চওড়া করে বললেন, ‘খুব খুশি!’

লো শুধু ‘খুশি’ শব্দ উচ্চারণ করেই থামেননি। বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে মাঠে নামার জন্য তিনি ছটফট করছেন!

এই তিন দেশের সঙ্গে ‘এফ’ গ্রুপের চতুর্থ দলটি হবে প্লে অফ পেরিয়ে আসা একটি দল।

‘তাদের নাম শুনেই আমার আনন্দ হচ্ছে,’ জানিয়ে লো বলেন, ‘চ্যাম্পিয়নদের সঙ্গে আমরা খেলব। এটা দারুণ ব্যাপার।’

‘আমি মনে করি খেলোয়াড়রাও মুখিয়ে আছে। এটা অবশ্যই গ্রুপ অব ডেথ। এখান থেকে পার হতে হলে সর্বোচ্চ সীমায় পৌঁছাতে হবে।’

লো বলছেন এই ম্যাচগুলো তাকে উৎসবের আমেজ দেবে, ‘ম্যাচগুলো ফুটবল উৎসব উপহার দেবে। আমি অপেক্ষায় আছি।’