ছাত্র ইউনিয়নের আয়োজনে সিঁড়িতেই ক্লাস নিলেন ঢাবির শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সিঁড়িতেই ক্লাস নিয়েছেন। শতাধিক শিক্ষার্থী অংশ নেন তার ক্লাসে। 

ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ ক্লাসের আয়োজন বলে জানা গেছে। রোববার দুপুর ১২টার দিকে এ ক্লাস শুরু হয়। 

ক্লাসে ফিরতে চেয়ে বুধবার ও এর আগের দিন মঙ্গলবার তিনি বিভাগের চেয়ারম্যানের রুমের সামনে অবস্থান নেন। এ সময় তিনি ‘আমি শিক্ষক আমাকে ক্লাসে ফিরে যেতে দিন’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জানা গেছে, ২০১৭ সালে অর্থনীতি বিভাগের শিক্ষকরা রুশাদ ফরিদী বিরুদ্ধে ‘শিক্ষকসুলভ আচরণ না করার’ অভিযোগ আনেন। শিক্ষার্থীদের কাছে বিভাগের অন্যান্য শিক্ষকের বিরুদ্ধে বাজে মন্তব্য করেন বলেও অভিযোগ করেন অন্য শিক্ষকরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সময় বিভাগে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিভাগ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সুপারিশ করা হয়। সুপারিশে বিভাগের ৩১ জন শিক্ষক রুশাদ ফরিদীর সঙ্গে কাজ করবেন না জানিয়ে স্বাক্ষর করেন।

তবে রুশাদ ফরিদীর অভিযোগ, তাকে মিথ্যা অভিযোগের মাধ্যমে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তিনি বিভাগের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলেন বলে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে অভিযোগগুলো আনা হয়েছে। এসব অনিয়ম নিয়ে তিনি বিভাগের চেয়ারম্যানের কাছে ৭টি চিঠিও পাঠিয়েছিলেন বলে জানান।

বিভাগের শিক্ষকদের অভিযোগ ভিত্তিতে পরবর্তীতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ড. রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৭ সালের ১২ জুলাই তাকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানোর চিঠি দেয় সিন্ডিকেট।

সিন্ডিকেটের সিদ্ধান্তের পর তা পুনর্বিবেচনার দাবিতে ভিসি, প্রো-ভিসি (শিক্ষা), প্রো-ভিসি (প্রশাসন), রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান বরাবর উকিল নোটিশ পাঠান রুশাদ ফরিদী। তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাড়া না দিলে একই বছরের ১৩ জুলাই তিনি উচ্চ আদালতে রিট করেন। ২৪ জুলাই সিদ্ধান্তটি কেন অবৈধ নয় সেটি জানাতে উচ্চ আদালত রুল জারি করে।

দীর্ঘ শুনানির পর চলতি বছরের ২৫ আগস্ট বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্টের বেঞ্চ ড. রুশাদ ফরিদীর বিরুদ্ধে সিন্ডিকেটের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করে একই সঙ্গে তাকে কাজে যোগদান করারও নির্দেশ দেয়।