বাগেরহাট শ্রমিক দলের সভাপতি ও বিএনপির সহসভাপতি সরদার লিয়াকত আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার অন্য দুই নেতা হলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) ও ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।
বাগেরহাট ডিবির পরিদর্শক শেখ মঈনুল ইসলাম দাবি করেন, শহরের পরিবেশ অস্থিতিশীল করার অংশ হিসেবে সরদার লিয়াকত আলীর নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন রাতে পচাদিঘীর পাড়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে।