চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের মামলায় আবদুল মুনিব (৩৫) নামে এক জেএমবি সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
গতকাল রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ১৮ জুন রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় সন্ন্যাসী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ মুনিবকে আটক করে পুলিশ। ওই দিনই শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩০ মার্চ শিবগঞ্জ থানার এসআই নূরে আলম সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দেন।