শহরের বাড়িগুলো বেশি বড় হয় না। ছোট ফ্ল্যাটগুলোতে প্রয়োজনীয় আসবাব সাজিয়ে রাখাই কঠিন হয়ে যায়। ঘর সাজানো হয়ে ওঠে না মনের মতো করে। চলুন জেনে নিই ছোট ঘরকে বড় দেখায় এমন কিছু উপায়–
ছোট ঘরকে বড় দেখাতে শুরুতেই বাছাই করতে হবে দেয়ালের রং। হালকা অথচ উজ্জ্বল যেমন– সাদা, অফ হোয়াইট, হালকা হলুদ ইত্যাদি রংগুলো ছোট ঘরে ভালো মানাবে।
দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে পর্দা বাছাই করা উচিত। বিপরীত রঙের নয়, দেয়ালের রঙের এক বা দুই শেড মিলিয়ে পর্দার রং বাছাই করুন।
ঘরে ফ্লোরিং করলে ছোট ঘরকেও বেশ বড় দেখায়। ফার্নিচার বাছাই করুন হালকা এবং নিচু ধরনের।
অনেক দিন ধরে ব্যবহার করছেন না, এমন জিনিস চেষ্টা করুন ঘর থেকে সরিয়ে ফেলতে। ঘরে যদি পুরনো দেয়ালঘড়ি, মোড়া, ফুলদানি এসব রয়ে যায়, তবে কাউকে দিয়ে দিন। জিনিস সরানোর কারণে ঘরে কিছু হলেও জায়গা বাড়বে।
ঘরকে বড় দেখাতে আয়না ব্যবহার করতে পারেন।
বর্তমান সময়ে ছোট ফ্ল্যাটের জন্য সবচেয়ে সহযোগী হলো মাল্টিফাংশনাল ফার্নিচার। জায়গা বাঁচানোর সঙ্গে সঙ্গে খরচ আর গুছানোর ঝামেলাও কমিয়ে দেয়।
দেয়ালের সঙ্গে সব ফার্নিচার লাগোয়াভাবে না রেখে কিছু ছোট ফার্নিচার কোনাকুনি করে রাখা যায়। ঘরকে ভিন্ন আঙ্গিকে সাজাতে ফার্নিচার এভাবে বদলে রাখা গেলে বেশ ভালো দেখায়।
ঘর যেন অন্ধকার না থাকে। বড় জানালা হলে তাতে গস্নাস ডোর লাগাতে পারেন। খেয়াল রাখতে হবে, দিনের বেশির ভাগ সময় যেন জানালা খোলা থাকে। সূর্যের আলোতে ঘর এমনিতেই বড় দেখায়।
দেয়ালে ছবি বা ফ্রেম অনেকগুলো না রেখে দুটি বা তিনটি ছবি রাখলেই যথেষ্ট।
ঘরের চাদর, পর্দা, কুশন কভারের জন্য কাপড় বাছাই করতে ছোট ছোট প্রিন্ট অথবা স্ট্রাইপ ডিজাইন বাছাই করতে পারেন।