রোনালদোয় রক্ষা জুভেন্তাসের, শীর্ষে উঠল ইন্টার

ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে ইতালিয়ান লিগ সিরি আতে সাসসুয়োলার বিপক্ষে হার এড়িয়েছে জুভেন্তাস। তবে ঠিকই এই ড্রয়ের খেসারত দিতে হয়েছে তাদের। দিনের অন্য ম্যাচে স্পালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইন্টার মিলান।

রবিবার ঘরের মাঠে সাসসুয়োলার সঙ্গে ২-২ গোলে ড্র করে জুভেন্তাস। অন্যদিকে নিজেদের মাঠে স্পালের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় ইন্টার।

১৪ ম্যাচে ১২ জয় এবং ১টি করে ড্র ও হারে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কোচ আন্তনিও কান্তের ইন্টার মিলান। অন্যদিকে ইন্টারের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্তাস। লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি ১৪ ম্যাচে ১১ জয়ের বিপরীতে ড্র করেছে ৩টিতে।

জুভেন্তাস এদিন ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় লিওনার্দো বোনুচ্চির গোলে। তবে দুই মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা আনেন সাসসুয়োলার বোগা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রান্সেসকো কাপুতো গোল আদায় করলে ২-১ গোলে এগিয়ে যায় সাসসুয়োলা। সেখান থেকে জুভেন্তাসকে রক্ষা করেছেন রোনালদো। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। তাতে হার এড়ায় জুভেন্তাস।

এদিকে ইন্টার মিলানের পক্ষে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। ম্যাচের ১৬ ও ৪১ মিনিটে গোল দুটি করেন তিনি। ৫০ মিনিটে স্পালের পক্ষে ব্যবধান কমান মাতিয়া ভালোতি।