চান্দিনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন দেলু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, উপজেলার ফতেহপুর গ্রামের আবদুল বারেক মিয়ার ছেলে দেলু ডাকাত সরদার ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে উপজেলার তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। চান্দিনা থানার এসআই
গিয়াস উদ্দিন জানান, রাতে একদল ডাকাত তুলাতলী গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে– এমন খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ও ওসি আবুল ফয়সলের নেতৃত্বে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ডাকাত সরদার দেলু গুলিবিদ্ধ হন। উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে ওসি ফয়সল, এসআই আহাদুজ্জামান, কনস্টেবল রেহান উদ্দিন ও সায়েম খান আহত হয়েছেন জানিয়ে গিয়াস আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি ছেনি, দরজা ও তালা ভাঙার শাবল উদ্ধার করা হয়েছে।