যশোরে সোহাগ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

যশোরে আলোচিত কলেজছাত্র সোহাগ ওরফে মাইকেল হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোহাগের মরদেহ গত ২১ অক্টোবর শহরের বারান্দিপাড়ার মালোপাড়ার ভৈরব নদের পাড় থেকে উদ্ধার করা হয়।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম আসামি রায়হানকে রবিবার রাতে পুরানো ঢাকার চকবাজার থেকে আটক করা হয়। তিনি বারান্দিপাড়া আমতলার মৃত খাইরুল ইসলামের ছেলে। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অপর দুই আসামি শহরতলী ছোট শেখহাটির দাউদ হোসেন ও বারান্দিপাড়া আমতলার কালিপদ বিশ্বাসকে।

তাদের স্বীকারোক্তি থেকে হত্যাকাণ্ডের স্থান থেকে উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত চাকু, ঘুমের ওষুধ মেশানো মদের বোতল ও তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, এ হত্যা মামলার প্রধান আসামি রাকিবের স্ত্রী অনন্যার সঙ্গে অবৈধ সম্পর্ক ও বিভিন্ন শত্রুতার জের ধরে হত্যা করা হয় সোহাগকে। আটক তিনজন স্বীকার করেছে যে, মদের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দুর্বল করে তারা ৬জন সোহাগকে ধারালো চাকু দিয়ে বুকে, পিঠে ও গলায় পোচ দিয়ে হত্যা করেছে।

এর আগে রাকিব ও কোরবান নামে অপর এক আসামি আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য না পাওয়ায় তদন্ত করে ওই তিনজনকে আটক ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সোহাগ হত্যা মামলার আসামিরা গত ৩০ মার্চ শহরের নীলগঞ্জে স্কুলছাত্র রাকিব হত্যা মামলায় জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। মামলাটি আদলতে বিচারাধীন রয়েছে।