সিলেটে সেনানিবাসের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটে নতুন সেনানিবাসের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের ২০ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি আবিদ উদ্দিনকে (৫৫) গত রবিবার রাতে গ্রেপ্তার করেছে সিআইডি।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রুস্তুমপুর গ্রামে।

সিআইডি সিলেট জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার এমরান আলী জানান, ২০১৮ সালের ৩ আগস্ট সিলেট সদর উপজেলা ভূমি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মামুনুর রহমান বাদী হয়ে সিলেট নগরীর  কোতোয়ালি থানায় মামলাটি করেন। প্রথমে মামলার তদন্তের দায়িত্ব পান এসআই সাব্বির আরাফাত জনি। পরে মামলাটির দায়িত্বভার পড়ে গোয়েন্দা বিভাগের হাতে। গোয়েন্দা বিভাগ অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে সিআইডির কাছে হস্তান্তর করে।

মামলার এজাহারে বলা হয়, সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের ক্যান্টনমেন্ট নির্মাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এলএ মামলা নং ০১/২০১৩-১৪ মূলে ভূমি অধিগ্রহণ করা হয়। দাবিদারদের মধ্যে আবিদ বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জাল আমমোক্তারনামা তৈরি করে সঙ্গে জাল দলিলপত্র সংযুক্ত করে ২০ কোটি টাকা উত্তোলন করেন। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন ও তদন্ত করলে বিষয়টি ধরা পড়ে।