ব্যাংক ও সাধারণ বীমাসহ বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক প্রায় ৩৮ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ও বড় মূলধনী শেয়ারের দরহ্রাসের কারণে গতকাল সূচকের পতন দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। উত্থান-পতনের ধারায় গতকাল স্টক এক্সচেঞ্জটিতে কেনাবেচার পরিমাণও কমেছে। সোমবারের লেনদেন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।
পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাত ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে রবিবার ব্যাংক খাতে খেলাপি কমিয়ে আনা, সুদহার এক অঙ্কে নামিয়ে আনাসহ খাতটির উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে অর্থমন্ত্রীর সঙ্গে ব্যাংক মালিক, এমডি ও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বৈঠকের পর গতকাল খাতটিতে চাঙ্গাভাব দেখা দিয়েছে। ফলে দিনের শুরুতেই ব্যাংক খাতের শেয়ারে চাঙ্গাভাব দেখা দেয়। যদিও শেষ পর্যন্ত খাতটিতে বড় ধরনের ঊর্ধ্বগতি বজায় না থাকলেও অধিকাংশ ব্যাংক শেয়ারের দর বেড়েছে। ইসলামী ও আল আরাফাহ ব্যাংকের শেয়ার শেষ পর্যন্ত বিক্রেতাশূন্য ছিল। গতকাল ব্যাংক খাতের বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। আর ডিএসইর মোট লেনদেনের ২৬ শতাংশই এসেছে ব্যাংক খাত থেকে।
গতকাল লেনদেনের শুরুতে ব্যাংক, বীমা, বস্ত্রসহ বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে বেলা ১১টা ৩৬ মিনিটে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট বৃদ্ধি পায়। এতে সূচকটি ৪৭৯৬ পয়েন্টে উন্নীত হয়। এরপর বড় মূলধনী শেয়ারের বিশেষ করে লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, বিএটি বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক, কেপিসিএল, একমি, বাটা সু ও ইউনাইটেড পাওয়ারের মতো কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় সূচকটি পয়েন্ট খোয়াতে থাকে। দিনশেষে বেশিরভাগ শেয়ারের দরপতনে সূচকটি আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট হারিয়ে ৪৭৩৪ পয়েন্টে নেমে আসে।
এদিকে সূচক পতনের কারণে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। গতকাল ডিএসইতে কেনাবেচা হয়েছে ৪৮২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট, যা আগের দিনের চেয়ে সাড়ে ৭ শতাংশ কম। ডিএসইতে ১২৫ কোটি টাকার লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক খাত। এ খাতটিতে এক দিনে ৪৭ শতাংশ লেনদেন বেড়েছে। ৫৮ কোটি টাকার লেনদেন নিয়ে পরবর্তী অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। বস্ত্র খাতে গতকাল কেনাবেচা হয়েছে ৫৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ২ শতাংশ। এনবিএফআই খাতে কেনাবেচা কিছুটা বাড়লেও অন্যান্য খাতে কমেছে।
গতকাল ডিএসইতে কেনাবেচা হওয়া সিকিউরিটিজের মধ্যে ১২৪টির দর বেড়েছে, কমেছে ১৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।