রাজধানীর সেগুনবাগিচায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাগিচা রেস্টুরেন্টে স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন রতনের অনুসারীদের সঙ্গে শাহবাগ থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিমের অনুসারীদের মধ্যে এই হামলা-পাল্টা হামলা হয়। আহতদের মধ্যে রেজাউল করিম (৪০) ও তার স্ত্রী ২০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা করিম (৩৮) ও সেগুনবাগিচা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন মামুন (৩২) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগিচা রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।