‘অবৈধভাবে’ ভারতে যাওয়া বাংলাদেশিকে ধাওয়া করে যশোরের বেনাপোলে ঢুকে মারধর করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ সদস্য। বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) জানিয়েছে, অনুপ্রবেশের অভিযোগে গতকাল সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে একজনকে আটক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের পেট্রাপোল ক্যাম্পের হেড
কনস্টেবল শ্রী চৈতন্যকে ফেরত দেওয়া হয়।
৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদার মিজানুর রহমান বলেন, চেকপোস্ট সংলগ্ন বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে আলী হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক করে বিএসএফ। পরে কৌশলে তিনি দৌড়ে বাংলাদেশে চলে আসেন। এ সময় তাকে ধরতে পিছু নেয় বিএসএফের পাঁচ সদস্য। একপর্যায়ে তারা শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশন ভবনের বাউন্ডারির মধ্যে ঢুকে আলী হোসেনকে ধরে বেদম মারধর করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে বিএসএফের চার সদস্য পালিয়ে যান এবং হেড কনস্টেবল শ্রী চৈতন্য ধরা পড়েন। এ সময় আলী হোসেনও পালিয়ে যান।
তিনি আরও বলেন, পরে তাৎক্ষণিকভাবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর শ্রী চৈতন্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।