শ্রীলঙ্কাকে উড়িয়ে এসএ গেমস শুরু নারী ক্রিকেট দলের

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটের নারী ইভেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অনায়াস জয় পেয়েছে তারা।

পোখরায় রঙ্গসালা স্টেডিয়ামে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান নারী দলকে ৭ উইকেটে হারায় সালমা খাতুনের দল। নির্ধারিত ওভারের নয় বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা।

দলের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ ৫১ রান করেছেন সানজিদা ইসলাম। তার ৪৫ বলের ইনিংসটি আটটি চারে সাজানো। অপরাজিত ২৩ রান করেন ফারজানা হক। উইকেট ছাড়ার আগে ২৯ রান করেন ওপেনার আয়শা রহমান।

এর আগে কুড়ি ওভারে ৬ উইকেটে ১২২ রান করে টসে হারা শ্রীলঙ্কা। ৪৯ বলে পাঁচ চার ও চার ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন ওপেনার উমেশা থিমাশিনি। ৩৩ রান করেন হর্শিথা মাধবি।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৩২ রানে ৪ উইকেট নেন স্পিনার নাহিদা আক্তার। একটি উইকেট নেন জাহানারা আলম।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১২২/৬ ( ২০ ওভার) উমেশা ৫৬, সামারা ৩৩, সন্দীপনী ১২; নাহিদা ৪/৩২, জাহানার ১/২৩

বাংলাদেশ: ১২৬/৩ ( ১৮.৩ ওভার) সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*, নিগার ৬, মুর্শিদা ৮ উমেশা ১/১৩।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।