কক্সবাজার-টেকনাফ সড়কে মুখোশধারীরা কক্সবাজারগামী একটি পর্যটকবাহী গাড়ি গতিরোধ করার চেষ্টা করলে দ্রুতগতিতে বাসটি চলে যাওয়ার সময় তারা ঢিল নিক্ষেপ করে। এতে গাড়িতে থাকা ছেলেমেয়েসহ ৪জন আহত হয়।
উখিয়ার পালংখালী শফিউল্লাহকাটা নামক এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহতরা উখিয়ার একটি প্রাইভেট ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। তবে কে বা কারা এ ঘটনা করেছে তা জানা যায়নি।
গাড়ির চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, টেকনাফ থেকে পর্যটক নিয়ে কক্সবাজার আসার সময় পালংখালী ইউনিয়নের শফিউল্লাহকাটা-১৬ নং ক্যাম্পের পাশে পৌঁছালে মুখোশধারী কিছু অজ্ঞাত লোক গাড়ি গতিরোধ করার জন্য সংকেত দেয়। আমি অবস্থা বেগতিক দেখে দ্রুতগতিতে চলে আসার সময় তারা গাড়িতে ঢিল নিক্ষেপ করে। এসময় শিশুসহ ৪জন পর্যটক আহত হয়েছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ পরিবহন সংগঠনে অবহিত করেছি।
এ ঘটনায় উখিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, মুখোশধারীরা ডাকাতির উদ্দেশ্যে হয়তো গাড়িটি গতিরোধ করার চেষ্টা করেছে। যাত্রীরা সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।