ছাত্রলীগ সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত

গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল ইসলাম জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া নতুন কমিটি গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের থেকে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত সাদিকের দুই সহযোগী সম্প্রতি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। আর সাদিকের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এরপর তার নানা অপরাধের তথ্য বেরিয়ে আসতে থাকে।