গ্রামপুলিশকে মারধর করায় ইউপি সচিব ও মেম্বারের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া ইউনিয়নে বিল্লাল হোসেন (৪৭) নামে এক গ্রামপুলিশকে মারধর করার ঘটনায় একটি মামলায় ওই ইউনিয়নের সচিব জহুরুল ইসলাম (৪৮) ও এক ইউপি সদস্য হাবিবুর রহমান (৫০) নামের দুজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা বাঁশবাড়িয়া ইউনিয়নের সচিব জহুরুল ইসলাম ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও ইউপি সদস্য হাবিবুর রহমান মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের আমির বক্স সরকারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিল। এর প্রতিবাদ করায় গত বছরের ৫ আগস্ট ইউনিয়ন পরিষদে ডেকে এনে বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করে সচিব ও মেম্বার।

এ ঘটনায় ওই মাসের ৮ তারিখে দুজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা করেন তিনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বুধবার ওই দুজনকে বিচারক ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড  দেওয়া হয়।