ভিপি নুরের রুমে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের রুমে তালা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। পরে সেই তালা ভেঙে রুমে ঢুকেছেন ভিপি নুর। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টার দিকে এসব ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ নুরুল হকের কক্ষে তালা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করে। এর আগে তারা মানববন্ধনও করে। বিকেল সাড়ে ৩টার দিকে ডাকসুতে এসে তালা ভেঙে নিজের কক্ষে প্রবেশ করেন তিনি।  এ
বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর কাছে অভিযোগ করেছেন বলে জানান নুরুল হক।
মানববন্ধনে নুরের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এ সময় মঞ্চের পক্ষ থেকে তার গ্রেপ্তারও দাবি করা হয়। মানববন্ধনে মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বলেন, ডাকসুর ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরকে ঢাবি ও ডাকসু থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় ভিসিকে স্মারকলিপি দেব।
গত মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। অডিওতে ডাকসু ভিপিকে জনৈক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা বলতে শোনা যায়। এ ছাড়া প্রবাসে থাকা এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা যায়। এর প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মঞ্চ তার রুমে তালা ঝুলিয়ে দেয়।
টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক দেশ রূপান্তরকে জানান, ফোনালাপটি তার ভাইয়ের সঙ্গে ছিল। যেটা ব্যবসায়িক, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় এটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তার পুরোপুরি কথা না শুনিয়ে কিছু অংশ কেটে প্রচার করা হয়েছে। এর বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিস পাঠাবেন বলে জানান তিনি।