দুই অর্ধে মার্কাস র্যাশফোর্ডের দুই গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় ইউনাইটেড। সবশেষ তিন ম্যাচে জয়হীন ছিল দলটি। এর মধ্যে ইংলিশ লিগে শেফিল্ড ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করে তারা। উয়েফা ইউরোপা লিগে হারে আস্তানার কাছে।
টটেনহ্যামের বিপক্ষে খেলার শুরুতেই ইউনাইটেডকে এগিয়ে নেন র্যাশফোর্ড। বাঁ পাশ দিয়ে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ এই ফরোয়ার্ড।
ম্যাটের ৩৯তম মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে বসে টটেনহ্যাম। ছয় গজ দূর থেকে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। রেফারি প্রথমে গোলটি না দিলেও পরে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে সিদ্ধান্ত পাল্টান।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে র্যাশফোর্ডের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। আক্রমণভাগের এই খেলোয়াড় ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই গোলটি আর শোধ করতে পারেনি টটেনহ্যাম।
এই জয়ে ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠে এসেছে ম্যানইউ।
পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দিনের অপর ম্যাচে এভারটনকে ৫-২ গোলে হারানো লিভারপুল। দলটির পয়েন্ট ১৫ ম্যাচে ৪৩।
দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারানো চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থস্থানে।