শিল্পী আবদুল আলীমের গান গেয়ে গানের জগতে যাত্রা শুরু দিলরুবা খানের। তার বাবা সৈয়দ হামিদুর রহমান রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী হলেও তিনি চাননি তার মেয়ে গান করুক।
তবুও গানের প্রতি প্রবল আকর্ষণ আর নিজস্ব প্রতিভার কল্যাণে লোকগানে নিজের জায়গা করে নিয়েছেন দিলরুবা খান।
টেলিভিশন নাটকে তার গাওয়া ‘দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল’ গানটি গাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
১৯৯১ সালে তার গাওয়া ‘পাগল মন’ এতটাই জনপ্রিয়তা পায় যে, তার নামই হয়ে যায় পাগল মন দিলরুবা।
সংগীতের প্রতি ভালোবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে এক শ্রুতিমাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে। তার সংগীত জীবনের যত কথা এবং সংগীতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন জিটিভির ‘সৃষ্টি সুখের উল্লাসে’ অনুষ্ঠানে।
কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানটি ৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।