পোস্টারে এমপির সঙ্গে বনদস্যুর পৃষ্ঠপোষক!

খুলনা-৬ আসনের সাংসদ আখতারুজ্জামান বাবুর সঙ্গে নিজের ছবি ব্যবহার করে নগরীতে পোস্টার ও প্যানা-ফেস্টুন টানিয়েছেন আবু সাঈদ মোল্লা নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে সুন্দরবনে বনদস্যুদের পৃষ্ঠপোষকতার অভিযোগে কয়রা থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি রবিউল হোসেন।

সাঈদ মোল্লা উপজেলা যুবলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক পরিচয় দেন। পোস্টারে তিনি আখতারুজ্জামান বাবুকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদীউজ্জামান রাসেল বলেন, ‘এমপির সঙ্গে অপরাধীর ছবিসংবলিত পোস্টারে জনগণ বিভ্রান্ত হবে।’ স্থানীয় ইউপি সদস্য অহিদ মোড়ল বলেন, ‘মাছ ব্যবসার আড়ালে সাঈদ বনদস্যুদের সহযোগিতা করেন। নিজের দুর্নাম ঘোচাতে এমন পোস্টার ছেপেছেন।’

এ বিষয়ে আবু সাঈদ মোল্লা বলেন, আওয়ামী লীগ করি, নির্বাচনে তার (এমপি) জন্যি অনেক কষ্ট করতি হয়েছে। তাকে সেক্রেটারি দেখতি চাই, এতে দোষের কী? সুন্দরবনে ব্যবসা করতে হলে সবার সঙ্গে সম্পর্ক রাখতে হয় বলেও জানান তিনি।

আখতারুজ্জামান বাবু দেশ রূপান্তরকে বলেন, ‘সাঈদ মোল্লাকে আমি চিনি না। আমার সঙ্গে কোনো অপরাধীর ছবি বেমানান। এগুলো সরিয়ে ফেলা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’