চলতি অর্থবছরের টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের বণ্টন কম-বেশি নিয়ে কথা-কাটাকাটির ঘটনায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান।
গত বুধবার রাতে আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে আদিতমারী থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার।
জিডি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে অফিস চলাকালে চেয়ারম্যানের সঙ্গে চলতি অর্থবছরের টিআর ও কাবিখা প্রকল্পের বণ্টন নিয়ে জেসমিন আকতারের কথা-কাটাকাটি হয়। একপর্যয়ে চেয়ারম্যান উত্তেজিত হয়ে জেসমিন আকতারকে গালমন্দ করেন এবং তাকে উপজেলা পরিষদের ভবন থেকে ফেলে হত্যা করার হুমকি দেন।
চেয়ারম্যান বলেন, ‘প্রকল্পের বিষয়ে কথা বলতেই তিনি উত্তেজিত হয়ে আমাকে মেন্টাল বলেন। এতে আমিও দু-একটি কথা বলেছি কিন্তু হত্যার হুমকি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’